দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজি ওজনের একটি বিশাল তবল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে আনা হলে সেটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
পরে খোলা বাজারে ডাকের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন। এতে প্রতি কেজির দাম পড়ে প্রায় ৬৬৬ টাকা।
স্থানীয় মৎস্য আড়ত সূত্রে জানা যায়, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরের আখি ফিস ও তহুরা ফিসের মাধ্যমে এটি বিক্রি করা হয়।
স্থানীয়ভাবে তবল মাছ ট্রেভ্যালি (Trevally) নামে পরিচিত। কুয়াকাটা অঞ্চলে এটি তবলি, বগা কিংবা খাঁদিয়া নামেও পরিচিত। সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং তুলনামূলক কম কাঁটাযুক্ত হওয়ায় এ মাছের বাজারে ভালো চাহিদা রয়েছে।
মহিপুরের মৎস্য ব্যবসায়ী গাজী মজুনু বলেন, বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এ প্রজাতির মাছ পাওয়া গেলেও এত বড় আকারের তবল মাছ খুব কমই ধরা পড়ে। তাই মাছটি বন্দরে আনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। ভালো দামে বিক্রি করতে পেরে জেলেরাও সন্তুষ্ট।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, তবল মাছ ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ। এ ধরনের বড় আকারের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক দিক।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে ধরা পড়া মাছটি ক্যারাঙ্গিডি (Carangidae) পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ। এ প্রজাতির মাছ আকারে বড় হয় এবং এর অর্থনৈতিক গুরুত্বও রয়েছে।
এমএস/